বিজেপি সমর্থকদের হুমকি দিচ্ছেন অভিষেক ব্যানার্জি দাবিতে ছড়াল সম্পাদিত ভিডিও
বুম দেখে মূল ভিডিওতে অভিষেক মন্তব্যটি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফের পূর্ববর্তী হুমকির পরিপ্রেক্ষিতে করেছিলেন।

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee) একটি সম্পাদিত ভিডিও সম্প্রতি শেয়ার করে দাবি করা হয়, পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে অভিষেক বিজেপি তথা ভারতীয় জনতা পার্টির সমর্থকদের মারধর করার হুমকি দিয়েছিলেন।
ভাইরাল ওই ভিডিওতে অভিষেককে বাংলায় বলতে শোনা যায়, "যেদিনকে মমতা বন্দোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে না, বাড়িতে ঢুকে মারবো!"
বুম দেখে আসল ভিডিওতে অভিষেক পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফের পূর্ববর্তী ভারত বিরোধী হুমকির প্রতিক্রিয়ায় মন্তব্যটি করেছিলেন।
বাংলায় নির্বাচনী প্রচারের সময় বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েন অভিষেক ব্যানার্জি। নির্বাচনের পর তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে উস্কানিমূলক মন্তব্য করেছেন, হুমকি ও শান্তি বিঘ্নিত করার অভিযোগ করা হয়। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নির্বাচনের আগে, মূলতঃ বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে অভিষেকের করা, "কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি ৪ তারিখ দেখব" মন্তব্যেরও উল্লেখ করা হয়।
ভাইরাল দাবি
ভিডিওটি ফেসবুকে পোস্ট করে এক ব্যক্তি ক্যাপশন হিসাবে লেখেন, "বিরোধীদের বাড়িতে ঢুকে মারতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! ক্ষমতা হারিয়ে আজ অভিষেক জনরোষের শিকার"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও এখানে।
কী পেলাম আমরা অনুসন্ধানে: ভিডিওতে থাকা মন্তব্য অসম্পূর্ণ
১. অভিষেকের মন্তব্য ছিল পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর উদ্দেশ্যে: আমরা প্রথমে সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে পশ্চিমবঙ্গের মালদায় দেওয়া অভিষেকের মূল ভাষণটি খুঁজে পাই, ৬ এপ্রিল ২০২৬ তারিখে এই সময়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। ভাষণটি পুরো শোনার পর, আমরা নিশ্চিত হই অভিষেকের মন্তব্যটি বাংলার বিরোধী তথা বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে ছিল না।
১০:১৬ মিনিট থেকে অভিষেককে বলতে শোনা যায়, "আজ থেকে দুদিন আগে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী তার নাম হচ্ছে খাওয়াজা আসিফ, সে বলছে কলকাতা উড়িয়ে দেব! প্রধানমন্ত্রী চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, প্রতিরক্ষামন্ত্রী চুপ। কাগজে খাওয়াজা আসিফের নামটা লিখে রাখছি, যেদিনকে মমতা বন্দোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে না বাড়িতে ঢুকে মারবো।"
এছাড়াও সেই ভাষণে অভিষেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হুমকির উপযুক্ত প্রতিক্রিয়া না জানানোরও অভিযোগ করেন।
২. অভিষেকের করা মন্তব্যের প্রেক্ষাপট: আমরা দেখি, ৪ এপ্রিল ২০২৬ তারিখে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফের হুমকির প্রতিক্রিয়ায় মন্তব্যটি করেছিলেন অভিষেক। পাকিস্তানের সিয়ালকোটে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে আসিফ সতর্ক করেছিলেন, ভারত যদি "ভবিষ্যতে কোনও অবিবেচক অভিযান" চালায়, তবে কলকাতা আক্রমণ করবে পাকিস্তান। দ্য হিন্দুর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আসিফ বলেছিলেন , "যদি ভারত এসময় কোনও মিথ্যা দায় চাপিয়ে অভিযান চালানোর চেষ্টা করে, তবে ইনসাল্লাহ, আমরা কলকাতা অবধি যাব।"






