দিল্লিতে ভোট কারচুপির প্রতিবাদে বিপুল জনসমাবেশ দাবিতে ছড়াল AI ছবি
বুম যাচাই করে দেখে ওপেন এআইয়ের টুল ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়।

গত ১ নভেম্বর দিল্লির (Delhi) রামলীলা ময়দানে ভোট কারচুপির অভিযোগে ইন্ডিয়া জোটের (INDIA Alliance) প্রতিবাদ সমাবেশে বিপুল সংখ্যক মানুষের জমায়েতের ছবি বলে দাবি করে সম্প্রতি এক ছবি ভাইরাল হয় সমাজমাধ্যমে।
বুম যাচাই করে দেখে ছবিটি ভুয়ো। ওপেন এআইয়ের টুল ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়।
ভোট কারচুপির অভিযোগ তুলে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত ১ নভেম্বর কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া ব্লক দিল্লির রামলীলা ময়দানে একটি সমাবেশের আয়োজন করে। কংগ্রেস এর আগে দাবি করেছিল, এই সমাবেশে ১০ লক্ষ মানুষের জমায়েত হবে। পরে বিজেপি এই সংখ্যাকে চ্যালেঞ্জ জানালে তা নিয়ে সম্যমাধ্যমে শুরু হয় রাজনৈতিক বিতর্ক।
ভাইরাল দাবি
ফেসবুকে ছবিটি পোস্ট করে এক ব্যবহারকারী ক্যাপশন হিসেবে লেখেন, "দিল্লি রামলীলা ময়দান জনস্রোত"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
কী পেলাম আমরা অনুসন্ধানে: ছবিটি AI ব্যবহার করে তৈরি
১. ছবিতে থাকা অসঙ্গতি: বুম ছবিটি খুঁটিয়ে দেখলে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করে। যেমন 'ময়দান' শব্দটির হিন্দি বানান ভুল রয়েছে। এছাড়া, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর ছবি-সহ পোস্টারগুলিতেও বিকৃত দেখতে পাওয়া যায়। ছবিটি জুম করে দেখলে দৃশ্যগত এই অসঙ্গতিগুলি আরও স্পষ্ট হয়ে ওঠে যা নীচে দেখতে পাওয়া যাবে।
২. OpenAI-এর টুল ব্যবহার করে তৈরি করা হয় ছবিটি: আমরা ছবিটি OpenAI-এর ইমেজ ভেরিফিকেশন টুলের মাধ্যমেও পরীক্ষা করি। টুলটি ছবির মধ্যে থাকা লুকানো OpenAI-এর ওয়াটারমার্ক শনাক্ত করে, যা নিশ্চিত করে ছবিটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।






