ট্রাম্প কি বলেছিলেন, ‘ভারত-পাক যুদ্ধ বাড়লে পাক প্রধানমন্ত্রী মারা যেতেন?’
আসল ভাষণে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ তাকে বলেছিলেন ভারত-পাকিস্তান যুদ্ধ পারমাণবিক সংঘাতের রূপ নিলে ৩৫ মিলিয়ন মানুষ মারা যেত।

সম্প্রতি নিউজ১৮ বাংলা, টিভি৯ বাংলার মতন একাধিক মূলধারার সংবাদমাধ্যম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) একটি বক্তব্য ভুলভাবে প্রচার করে। সেখানে দাবি করা হয়, ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের সময় ট্রাম্পের হস্তক্ষেপ না হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মারা যেতেন।
বুম ট্রাম্পের ভাষণটি দেখে নিশ্চিত হয়, ট্রাম্প আসলে বলছিলেন যে শরীফ তাকে জানিয়েছিলেন, সংঘাতটি পারমাণবিক যুদ্ধের রূপ নিলে ৩৫ মিলিয়ন মানুষ মারা যেত। এছাড়া ১৯ ফেব্রুয়ারি ২০২৬ সালে বোর্ড অফ পিস অনুষ্ঠানে দেওয়া আরেকটি ভাষণেও ট্রাম্প একই ধরনের দাবি করেন। সেখানে তিনি বলেন, তার হস্তক্ষেপে “২৫ মিলিয়ন” মানুষের জীবন রক্ষা পেয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প ২৫ ফেব্রুয়ারি ২০২৬ সালে স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ দেন, যা প্রতি বছর মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া হয়। সেই ভাষণে তিনি দাবি পুনরায় উল্লেখ করেন যে, দায়িত্ব নেওয়ার প্রথম ১০ মাসে তিনি “আটটি যুদ্ধ শেষ করেছেন” এবং ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সম্ভাব্য পারমাণবিক সংঘাত ঠেকিয়েছেন।
দাবি: ট্রাম্প বলেছেন, ‘আমার হস্তক্ষেপ না হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন’
টিভি৯ বাংলা ও নিউজ১৮ বাংলার প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প বলেছেন ভারত-পাকিস্তানের যুদ্ধ না থামালে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বেঁচে থাকতেন না। দ্য ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টুডে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য প্রিন্ট এবং এএনআই-সহ কয়েকটি সংবাদমাধ্যম ট্রাম্পের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে।
দ্য ইকোনমিক টাইমস একটি এআই-তৈরি গ্রাফিকও শেয়ার করে, যেখানে বিভ্রান্তিকর উদ্ধৃতি ছিল: “আমি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন: ভারত-পাক যুদ্ধ নিয়ে ট্রাম্প”।
কী পেলাম আমরা অনুসন্ধানে:
১) ট্রাম্পের স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ
সম্পূর্ণ ভাষণ পর্যালোচনা করে দেখা যায়, ট্রাম্প কোথাও বলেননি যে ভারত-পাকিস্তান সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিলে শেহবাজ শরীফ মারা যেতেন। বরং তিনি বলেন, শরীফ তাকে জানিয়েছিলেন যে দুই প্রতিবেশী দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে ৩৫ মিলিয়ন মানুষ মারা যেত।
হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রকাশিত সরাসরি সম্প্রচারের ১:৩১:৪৯ মিনিট থেকে এটি শোনা যায়। সেখানে ট্রাম্প বলেন: “আমার প্রথম ১০ মাসে আমি আটটি যুদ্ধ শেষ করেছি... পাকিস্তান ও ভারত, সেখানে পারমাণবিক যুদ্ধ হতে পারত... ৩৫ মিলিয়ন মানুষ, পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি জড়িত না থাকলে মারা যেত।”
২) বোর্ড অফ পিস অনুষ্ঠানে ট্রাম্পের অনুরূপ মন্তব্য
১৯ ফেব্রুয়ারি ২০২৬ সালের বোর্ড অফ পিস অনুষ্ঠানের ভাষণেও ট্রাম্প একই ধরনের মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, মে ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাতের সময় তার হস্তক্ষেপে “২৫ মিলিয়ন” মানুষের জীবন রক্ষা পেয়েছে।
তিনি বলেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের বাহিনী প্রধানের সামনে বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের এবং ভারতের মধ্যে যুদ্ধ থামিয়ে ২৫ মিলিয়ন মানুষের জীবন বাঁচিয়েছেন।” এই বক্তব্যটি ভাষণের ১৪:৫৩ মিনিট থেকে শোনা যায়।






