জওহরলাল নেহরুর কলার ধরে থাকা মহিলার ভাইরাল ছবি AI দিয়ে তৈরি
বুম যাচাই করে দেখে, ভুয়ো এই ছবি OpenAI-এর টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে।

একজন মহিলা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) কলার ধরে দেশের প্রতি তার অবদান নিয়ে প্রশ্ন করছেন দাবি করে সম্প্রতি এক ছবি ভাইরাল হয় সমাজমাধ্যমে।
বুম যাচাই করে দেখে, ছবিটি ভুয়ো এবং AI-নির্মিত। AI শনাক্তকরণ পরীক্ষাতেও নিশ্চিত হয়েছে যে, ছবিটি OpenAI-এর টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে।
বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে বেশ কয়েকজন সমাজমাধ্যম ব্যবহারকারী ছবিটি শেয়ার করেছেন। তাদের দাবি, আজকের দিনে কোনও নাগরিক একইভাবে ক্ষমতাসীনদের প্রশ্ন করলে তাকে দেশদ্রোহী তকমা দিয়ে জেলে পাঠানো হবে, যা নেহরুর সময়ে হতো না।
ভাইরাল দাবি
ছবিটি পোস্ট করে এক ব্যবহারকারী ক্যাপশন হিসেবে লেখেন, "একবার, নেহেরু জী যখন সংসদ থেকে বের হচ্ছিলেন, তখন এক মহিলা তাঁর কলার ধরেছিলেন। তিনি বললেন, "দেশ তো স্বাধীন হয়েছে, আপনি ও প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু আমরা কী পেয়েছি?" নেহেরু স্নেহের হাসি হেসে বললেন, "একজন প্রধানমন্ত্রীর কলার ধরার সম্পূর্ণ স্বাধীনতা আপনার আছে।" আজ যদি কাউকে এভাবে প্রশ্ন করা হতো, তবে তাঁকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে জেলে পাঠানো হতো।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
কী পেলাম আমরা অনুসন্ধানে: ঐতিহাসিক দৃশ্য দাবিতে ছড়াল AI-নির্মিত ছবি
১. কোনও অফিসিয়াল রেকর্ড পাওয়া যায়নি: আমরা ছবিটির উৎস খুঁজে বের করতে রিভার্স ইমেজ সার্চ করি। তবে উল্লিখিত দাবি-সহ ছড়িয়ে পড়া ছবিটির উপস্থিতি কোনও সরকারি বা বিশ্বাসযোগ্য সূত্রে খুঁজে পাওয়া যায়নি।
২. OpenAI-এর টুল ব্যবহার করে তৈরি করা হয় ছবিটি: এরপর আমরা ছবিটি একাধিক AI ছবি শনাক্তকরণ টুলে পরীক্ষা করি। টুলগুলি ছবিটিতে AI-এর মাধ্যমে কারসাজি হওয়ার প্রবল সম্ভাবনার কথা জানায়। আমরা OpenAI-এর ইমেজ শনাক্তকরণ টুলেও ছবিটি পরীক্ষা করি। সেটি OpenAI থেকে আসা একটি SynthID ওয়াটারমার্ক শনাক্ত করে নিশ্চিত করে ছবিটি OpenAI-এর টুল ব্যবহার করেই তৈরি করা হয়েছে।






