বিজেপির পতাকার পাশে পানীয়ের বোতল, গ্লাস পরে থাকার ছবি AI দিয়ে তৈরি
বুম AI যাচাইকারী টুলে ছবিটি পরীক্ষা করে নিশ্চিত হয় এআই ব্যবহার করে সেটি তৈরি করা হয়েছে।

কলকাতায় ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির সাম্প্রতিক জনসমাবেশের পর মাঠে তাদের দলীয় পতাকার পাশে পানীয়ের বোতল, গ্লাস পরে থাকতে দেখা গেছে দাবি করে সম্প্রতি এক ছবি পোস্ট করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত।
ছবিটি পোস্ট করে বিজেপির দলীয় কর্মীদের সংস্কৃতি নিয়ে ঋজু কটাক্ষ করেন সোশ্যাল মিডিয়ায়।
বুম যাচাই করে দেখে, কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
গত শনিবার বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে কলকাতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডের দীর্ঘ বক্তৃতায় রাজ্যের শাসকদল তৃণমূলের তুলোধোনা করে মোদী বলেন, এ বার পশ্চিমবঙ্গে সরকার বদলকে কেউ আটকাতে পারবে না। ব্রিগেডের জনসভায় প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শীর্ষস্তরের বিজেপি নেতারাও।
ভাইরাল দাবি
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত ছবিটি পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখেন, "বিজেপির “বি-গ্রেড”!!"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
কী পেলাম আমরা অনুসন্ধানে: ভাইরাল ছবি AI ব্যবহার করে তৈরি
১. ছবিতে থাকা বৈসাদৃশ্য: বুম প্রথমে সাম্প্ৰতিক কীওয়ার্ড সার্চ করে ছবিটি প্রকাশের কোনও বিশ্বাসযোগ্য সূত্র খুঁজে পায়নি। এর থেকে সন্দেহ হওয়ায়, ছবিটিকে ভালো করে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলে তাতে বেশ কিছু অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। যেমন বিজেপির পতাকাটির একাংশে দলের ইংরেজি আদ্যাক্ষর বি ও জে ওর পরিবর্তে বি এবং আর লক্ষ্য করা যায়। মাটিতে পরে থাকা বোতলের গায়ের লেবেলে লেখা অক্ষরগুলিকে দুর্বোধ্য ভাষায় লেখা বলে মনে হয়।
এছাড়াও, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আসল ছবির সাথে ভাইরাল ছবিতে থাকা দৃশ্যের তুলনা করা হলেও তাতেও গঠনগত বৈসাদৃশ্য চোখে পরে। এই ধরণের ত্রুটি সাধারণতঃ এআই ব্যবহার করে তৈরি ছবিতে লক্ষ্য করা যায়।
২. AI যাচাইয়ের পরীক্ষা: এর থেকে সন্দেহ হওয়ায়, বুম ছবিটিকে যাচাইকারী টুল হাইভ মডারেশন ও ট্রুথস্ক্যানে পরীক্ষা করে। দুটি টুলই ছবিটিকে পরীক্ষা করে সেটি AI দিয়ে তৈরির সম্ভাবনা জানায় ৯৮ শতাংশ অথবা তারও বেশী বলে জানায়।






