জাতীয় পতাকা উল্টো করে ধরেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি? ছবিটি সম্পাদিত
বুম দেখে, ভাইরাল ছবিটি সম্পাদিত। আসল ছবিতে নীতিন নবীনকে সোজাভাবেই পতাকা ধরে থাকতে দেখতে পাওয়া যায়।

বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন (Nitin Nabin) উল্টোভাবে জাতীয় পতাকা ধরে রয়েছেন দাবিতে সম্প্রতি এক ছবি ভাইরাল হয় সমাজমাধ্যমে।
বুম যাচাই করে দেখে, ভাইরাল ছবিটি সম্পাদিত। আসল ছবিতে নীতিন নবীনকে সোজাভাবেই পতাকা ধরে থাকতে দেখতে পাওয়া যায়।
স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রীর পরনে থাকা তেরঙ্গা-রঙের প্রতীকটিতে গেরুয়া-সাদা-সবুজের স্বাভাবিক বিন্যাসের পরিবর্তে উল্টো রঙের বিন্যাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেন কংগ্রেসের একাধিক নেতা। কংগ্রেসের তরফে দাবি করা হয়, মোদীর বুকপকেটে থাকা তেরঙ্গা-রঙের প্রতীকটিতে ভারতীয় তেরঙ্গার পরিবর্তে আয়ারল্যান্ডের জাতীয় পতাকা দেখতে পাওয়া যায়। তেরঙ্গা নিয়ে এই বিতর্কের মধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয় ছবি।
ভাইরাল দাবি
ছবিটি পোস্ট করে ক্যাপশন হিসাবে লেখা হয়, "অনভ্যাসের ফোঁটা চড়চড় করে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন নব্য জাতীয়তাবাদে দীক্ষিত হয়ে জাতীয় পতাকা উল্টো লাগিয়ে ভারতকে জাগ্ৰত করছেন।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
কী পেলাম আমরা অনুসন্ধানে: ভাইরাল ছবি সম্পাদিত
১. আসল ছবি: বুম ভাইরাল ছবির বিষয়ে জানতে সেটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে। এর মাধ্যমে আমরা বিজেপির অফিসিয়াল ওয়েবসাইটে নীতিন নবীনের বেশ কিছু ছবিসমেত আসল ছবিটিকে খুঁজে পাই। সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে জাতীয় পতাকাটিকে সোজাভাবেই ধরে থাকতে দেখা যায়।
১৩ অগাস্ট ২০২৬ তারিখে প্রকাশিত ছবিগুলির ক্যাপশন হিসাবে সেখানে লেখা হয়, "মাননীয় বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন নয়াদিল্লিতে তাঁর বাসভবনে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের আওতায় গর্বের সঙ্গে জাতীয় পতাকা তেরঙ্গা উত্তোলন করেন।"
ভাইরাল ছবির সাথে আসল ছবির তুলনা নীচে দেখতে পাওয়া যাবে।
২. নীতিন নবীনের স্বাধীনতা দিবস উদযাপন: এছাড়াও আমরা নীতিন নবীনের যাচাইকৃত এক্স হ্যান্ডেলে গত ১৩ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন সংক্রান্ত ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের এক ভিডিও পোস্ট খুঁজে পাই। ওই ভিডিওতেও নীতিন নবীনকে জাতীয় পতাকাটি সোজা করে ধরে থাকতে দেখা যায়।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।






