রিপাবলিক বাংলা দুবাইয়ে CIA দফতরে মিসাইল বলে দেখাল পুরনো অগ্নিকাণ্ডের ভিডিও
বুম দেখে, ভিডিওটিতে ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাতে হওয়া এক আবাসিক ভবনের অগ্নিকাণ্ডের দৃশ্য দেখতে পাওয়া যায়।

রিপাবলিক বাংলা (Republic Bangla) সম্প্রতি বহুতল এক ভবনে ভয়াবহ আগুন লাগার একটি ভিডিও দেখিয়ে দাবি করে তাতে দুবাইয়ে (Dubai) মার্কিন গুপ্তচর সংস্থা CIA'র দফতরে ইরানের মিসাইল হামলার দৃশ্য দেখতে পাওয়া যায়।
বুম যাচাই করে দেখে, ফুটেজটি পুরনো এবং তাতে ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহের এক আবাসিক ভবনে হওয়া অগ্নিকাণ্ডের দৃশ্য দেখতে পাওয়া যায়।
গত কয়েকদিনে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে একাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজ়রায়েলের সাম্প্রতিক যৌথ সামরিক অভিযানের পর থেকেই উত্তেজনা বাড়তে শুরু করে। পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছাতে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার ইরানকে চাপ দেওয়ার পর সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর হামলার পর গোটা মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে ওঠে।
ভাইরাল দাবি
রিপাবলিক বাংলার তরফে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "দুবাইয়ে CIA সদর দফতরে হামলা। দুবাইয়ে CIA দফতরে ইরানের মিসাইল"।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন এবং আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
জ়ি নিউজও অনুরূপ দাবি করে ভিডিওটি সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে।
কী পেলাম আমরা অনুসন্ধানে: ভিডিওটি ২০১৫ সালের অগ্নিকাণ্ডের
১. দৃশ্যটি পুরনো: প্রথমে আমরা ভিডিওটি থেকে কয়েকটি কীফ্রেম আলাদা করে গুগল লেন্স ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করি। এতে একই ভবনে আগুন লাগার একটি ছবি পাওয়া যায়, যা ১ অক্টোবর ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল প্রকাশ করেছিল। প্রতিবেদনে বলা হয়, শারজাহর কিং ফয়সাল রোডের আবদুল নাসের ভবনে আগুন লাগে, যার ফলে বাসিন্দাদের ঘর ছেড়ে পালাতে হয়।
ভাইরাল ভিডিওর দৃশ্যের সঙ্গে ২০১৫ সালের ছবিটি তুলনা করে দেখা যায়, ভবন দুটি একই।
১ অক্টোবর ২০১৫ তারিখে দ্য ন্যাশনাল তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও ওই অগ্নিকাণ্ডের একটি ভিডিও প্রকাশ করেছিল।
২. অগ্নিকাণ্ডের ঘটনা: ১ অক্টোবর ২০১৫ তারিখে অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, সেসময় শারজাহ সিভিল ডিফেন্সের ইনসিডেন্ট কমান্ডার হিসেবে দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল সাঈদ আল-সুয়াইদি বলেন, ধোঁয়াযুক্ত শ্বাস নেওয়ার কারণে ১৯ জনের চিকিৎসা করতে হয় এবং প্রায় ২৫০টি পরিবার এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবেদনে আরও বলা হয়, সিটি সেন্টার শারজাহর কাছের সেই আবাসিক ভবনে লাগা আগুন রাতের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনাটি নিয়ে গালফ নিউজের একটি ভিডিও প্রতিবেদন নীচে দেখা যেতে পারে।






