পার্ক সার্কাসের উচ্ছেদে হকারের ক্ষতি ১০ কোটি টাকার জিনিস? ছড়াল বাংলাদেশের ভিডিও
বুম দেখে. ভাইরাল ভিডিওতে গত মে মাসের বাংলাদেশের কালশীতে হওয়া উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ীর বক্তব্য শোনা যায়।

পার্ক সার্কাসের রেলের জমিতে জবরদখলকারীদের উচ্ছেদের পর এক হকার তার ১০ কোটি টাকার জিনিসের ক্ষতির দাবি করেছেন বলে সম্প্রতি এক ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ওই ভিডিওতে এক ব্যক্তিকে আগাম কোনও নোটিশ না দিয়ে উচ্ছেদ অভিযান চালানোয় তার চারটি দোকানে থাকা প্রায় ১০ কোটি টাকার জিনিসের ক্ষতি হয়ে গেছে বলে দাবি করতে শোনা যায়। ভিডিওটি পোস্ট করে অনেকেই ১০ কোটি টাকার পুঁজি নিয়ে একজন বেআইনিভাবে রেলের জমি দখল করে ব্যবসা করছিলেন সেই প্রশ্ন তোলেন সমাজমাধ্যমে।
বুম যাচাই করে দেখে, ভিডিওটি পার্ক সার্কাসের রেলের জমিতে উচ্ছেদ অভিযানের নয়। গত মে মাসের এই ভিডিওতে বাংলাদেশের কালশীতে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানের পর ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ীর বক্তব্য শোনা যায়।
গত ২৭ জুন গভীর রাতে বিপুল সংখ্যক পুলিশ, আরপিএফ ও র্যাফ নিয়ে পার্ক সার্কাস স্টেশনে উচ্ছেদ অভিযান চালায় রেল কতৃপক্ষ। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেশন সংলগ্ন দোকানদার ও ব্যবসায়ীদের রেলের জমি খালি করার নোটিশ দেওয়া হলেও, অনেকেই সেই সময়সীমার মধ্যে তাদের দোকান সরাননি। পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই এক দিনের অভিযানে বহু বছরের ব্যবসা গুঁড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ভাইরাল দাবি
ভিডিওটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, "পার্ক সার্কাস স্টেশনে রেল এর জমিতে জবর দখলকারী দের উচ্ছেদ করা হয়েছে। অনেকে ভুল করে বা ইচ্ছে করে একে "হকার উচ্ছেদ " ( হকার মানে ফেরীওয়ালা ) বলছেন। এই উচ্ছেদ হওয়া ভদ্রলোক 10 কোটি টাকার মাল তার "দোকান" এ রেখেছিলেন। পাঠক বিচার করবেন কোন ফেরিওয়ালা 10 কোটি টাকার পুঁজি নিয়ে ব্যবসা করেন। একটি কথা বারবার মনে হচ্ছে , আপনারা ভালো করে শুনুন তো, এর বাঙলা কথার tone ( বাচন ভঙ্গি), কোনো পশ্চিমবঙ্গ বাসী র বলে মনে হচ্ছে না। বাঙলা দেশ এর বলেই মনে হচ্ছে। আমি ভুল হতে পারি।"
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
কী পেলাম আমরা অনুসন্ধানে: ভিডিওটি পার্ক সার্কাসের নয়, বাংলাদেশের অবৈধ বস্তি উচ্ছেদের
১. ভিডিওটি রিপোর্ট করে বাংলাদেশের সংবাদমাধ্যম: বুম ভিডিওটির বিষয়ে জানতে সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে বাংলাদেশের সংবাধ্যম সদ্য সংবাদের ফেসবুক পেজে তাদের আপলোড করা রিপোর্টটিকে খুঁজে পায়। গত ২০ মে আপলোড করা ওই ভিডিওতে উক্ত ব্যক্তির বক্তব্য ছাড়া উচ্ছেদ অভিযানটি কোথায় চালান হয়েছিল সেবিষয়ে কোনও তথ্য পাওয়া যায় না।
বিস্তারিত তথ্য জানতে এরপর বুম বাংলাদেশের তরফে সদ্য সংবাদ ডিজিটালের প্রধান মোঃ মিঠুনের সাথে যোগাযোগ করা হয়। ভিডিওটি বাংলাদেশের উচ্ছেদের বিষয়ে নিশ্চিত করে মিঠুন বুম বাংলাদেশকে জানান, "এই ঘটনাটি বাংলাদেশের কালশীতে হওয়া অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানের। আমাদের প্রতিষ্ঠানের তরফেই রিপোর্টটি করা হয়। ওইদিন উচ্ছেদ হওয়া এলাকায় উপস্থিত ছিলেন সদ্য সংবাদের প্রতিনিধি। গত মে মাসে সরকারের চালান অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানের সময়ই কালশীতে আমরা বক্তব্যটি রেকর্ড করি।"
২. কালশীতে হওয়া উচ্ছেদ অভিযান: বাংলাদেশের কালশীর উচ্ছেদ অভিযান সম্পর্কিত সার্চ করে আমরা ঘটনা সম্পর্কিত বেশ সংবাদ প্রতিবেদনও খুঁজে পাই। গত ২০ মে প্রকাশিত বাংলাদেশ ট্রিবিউন ও প্রথম আলোর প্রকাশিত রিপোর্টে লেখা হয়, সেসময় ঢাকার কালশী মোড়ে রাস্তার দুইপাশে থাকা অবৈধ প্রায় শতাধিক দোকানপাট ও ঘরবাড়ি উচ্ছেদ করে বাংলাদেশের গৃহায়ণ ও গণপূর্ত অধিদফতর। ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা পুলিশের উপর হামলা চালালে আহত হন পাঁচ থেকে ছয়জন পুলিশকর্মী।
কালশীর বস্তি উচ্ছেদ অভিযান সংক্রান্ত সেসময়ের ভিডিও প্রতিবেদন নিচে দেখতে পাওয়া যাবে।
(অতিরিক্ত রিপোর্টিং: তৌসিফ আকবর, বুম বাংলাদেশ)






