কলকাতায় সিজেপি বিক্ষোভে বিজেপি কর্মীদের পাথর ছোঁড়ার দাবিতে ছড়াল ঝাড়খণ্ডের ভিডিও
বুম যাচাই করে দেখে, ভিডিওটি ঝাড়খণ্ডের রাঁচিতে বিজেপির রাজ্য কার্যালয়ের সামনে কংগ্রেসের বিক্ষোভ চলাকালীন রেকর্ড করা হয়েছিল।

সম্প্রতি পশ্চিমবঙ্গের একাধিক বাম নেতা একটি ভিডিও শেয়ার করে দাবি করেন, ২৪ জুলাই কলকাতায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আয়োজিত বিক্ষোভে বিজেপি (BJP) কর্মীরা পাথর ছুঁড়েছিলেন।
বুম যাচাই করে দেখে, ভিডিওটি কলকাতার নয়। এটি ঝাড়খণ্ডের রাঁচিতে বিজেপির রাজ্য কার্যালয়ের সামনে কংগ্রেসের বিক্ষোভ চলাকালীন রেকর্ড করা হয়েছিল। সেই বিক্ষোভে NEET প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন হচ্ছিল।
২৪ জুলাই ককরোচ জনতা পার্টি (CJP)-র সমর্থকরা পশ্চিমবঙ্গের একাধিক বাম সংগঠনের সঙ্গে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন। তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তোলা হয়। কলকাতার এসপ্ল্যানেড এলাকায় বিক্ষোভ চলাকালীন উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া কয়েকজন সাংবাদিকও হেনস্তার শিকার হন। ওই ঘটনার জেরে কলকাতা পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করে। পরে শহরের একটি আদালত তাদের সকলকেই জামিন দেয়।
ভাইরাল দাবি
সিপিআই(এম)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ একাধিক ব্যক্তি ভিডিওটি শেয়ার করে দাবি করেন, কলকাতার বিক্ষোভে বিজেপি কর্মীরা মিছিলে পাথর ছুড়ছিলেন।
এধরনের পোস্ট দেখতে এখানে, এখানে এবং এখানে ক্লিক করুন।
কী পেলাম আমরা অনুসন্ধানে: ভিডিওটি রাঁচির, কলকাতার নয়
১. ভিডিওটি কলকাতার নয়: ২৪ জুলাই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত হওয়া বিক্ষোভটি এই প্রতিবেদক সরাসরি কভার করেছিলেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, ভাইরাল ভিডিওটি ওই দিনের কলকাতার বিক্ষোভের নয়। বিক্ষোভে ধস্তাধস্তি ও জলের বোতল ছোঁড়ার মতো কিছু ঘটনা ঘটলেও, ভাইরাল ভিডিওতে দেখা ঘটনাটি সেখানে ঘটেনি।
২. ঘটনাটি ঝাড়খণ্ডের রাঁচির: ভিডিওটি থেকে কয়েকটি কী-ফ্রেম বের করে রিভার্স ইমেজ সার্চ করা হয়। সার্চের ফলাফলে একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়, যেখানে জানানো হয়েছে ঘটনাটি ঝাড়খণ্ডের রাঁচির। পোস্টে দাবি করা হয়, বিজেপি যুব মোর্চার (BJYM) রাজ্য সভাপতি শশাঙ্ককে বিজেপি অফিস ঘেরাও কর্মসূচির সময় কংগ্রেসের বিক্ষোভকারীদের দিকে টমেটো ছুঁড়তে দেখা গিয়েছিল।
এর সূত্র ধরে কীওয়ার্ড সার্চ করলে ঘটনাটি নিয়ে একাধিক সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। ২৩ জুলাই ২০২৬ তারিখে সংবাদ সংস্থা IANS জানায়, NEET প্রশ্নপত্র ফাঁস, ছাত্রদের উপর লাঠিচার্জের অভিযোগ এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ চলাকালীন ডিম ও টমেটো ছোঁড়ার ঘটনা ঘটে।
৩. ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের রিপোর্টেও মিলল একই তথ্য: রাঁচিতে ২৩ জুলাই হওয়া ওই বিক্ষোভের একাধিক ভিডিও রিপোর্টও পাওয়া যায়। নিউজ১৮-এর সাংবাদিক সঞ্জয় কুমার সিন্হা জানান, ২৩ জুলাই দুপুর প্রায় ১২টার সময় তিনি ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন। তার বক্তব্য অনুযায়ী, বিক্ষোভ চলাকালীন রাঁচিতে বিজেপি কর্মীরা রাজ্য বিজেপি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি দমকলের গাড়ির উপর উঠে পড়েন।
এছাড়া, ২৩ জুলাই প্রকাশিত প্রভাত খবরের একটি ভিডিও রিপোর্টেও ঘটনাটি সরাসরি দেখা যায়। সেখানে প্রতিবেদক জানান, দমকলের গাড়ির উপরে যিনি দাঁড়িয়ে ছিলেন, তিনি বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি; ভিডিওতে তাকে বিক্ষোভ চলাকালীন টমেটো ছুঁড়তে দেখা যায়। রিপোর্টটির ৮ মিনিট ১৪ সেকেন্ডের পরের অংশে এই দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়।






