পুরীর জগন্নাথ ধামের ড্রোন শো দাবিতে ছড়াল AI নির্মিত ভিডিও
বুম দেখে গুগলের AI টুল ব্যবহার করে কৃত্তিমভাবে ড্রোন-শোর এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

চলতি রথযাত্রা উৎসবের প্রাক্কালে সম্প্রতি উড়িষ্যার (Odisha) পুরীর জগন্নাথ ধামের আকাশে ড্রোন-শো দেখতে পাওয়া গেছে দাবি করে সম্প্রতি এক ভিডিও ছড়ায় সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ওই ভিডিওতে রাতের আকাশে ড্রোনের মাধ্যমে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও তাদের রথের প্রতিকৃতির পাশাপাশি পদ্মফুল, শঙ্খ এবং পুরীর জগন্নাথ ধামের উল্লেখ ফুটে উঠতে দেখা যায়।
বুম যাচাই করে দেখে গুগলের AI টুল ব্যবহার করে কৃত্তিমভাবে ড্রোন-শোর এই ভিডিওটি তৈরি করা হয়েছে।
প্রতিবছরের মতন এবারেও পুরীর রথযাত্রা উৎসবে নেমেছে অগণিত ভক্তের ঢল। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রথদর্শনের অপেক্ষায় দাঁড়িয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় অন্ততপক্ষে এক ভক্তের। উড়িষ্যা পুলিশের তরফে জানানো হয়, গত ১৬ জুন সকাল থেকে ভিড়ের চাপে অসুস্থ ৩৩ জনকে উদ্ধার করে তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ভাইরাল দাবি
ভিডিওটি পোস্ট করে ফেসবুকে ক্যাপশন হিসাবে লেখা হয়, "ভগবান জগন্নাথের প্রতি ভক্তি ও শ্রদ্ধায় আকাশ আলোকিত করল এক মনোমুগ্ধকর ড্রোন শো! জয় জগন্নাথ। প্রভু জগন্নাথের আশীর্বাদে সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি নেমে আসুক।!!"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
কী পেলাম আমরা অনুসন্ধানে: ভাইরাল ভিডিও AI দিয়ে তৈরি
১. পুরীর মন্দিরের সাথে দৃশ্যগত অমিল: বুম প্রথমে ভাইরাল ভিডিও যাচাই করতে তার কিছু ফ্রেম ভেঙে সেগুলি গুগলে রিভার্স সার্চ করে। ওই সার্চে কোনও বিশ্বাসযোগ্য সূত্র অথবা সংবাদ প্রতিবেদনে ভিডিওটিকে খুঁজে পাওয়া যায় না।
এর থেকে সন্দেহ হওয়ায়, আমরা পুরীর জগন্নাথ ধামের মন্দিরের ছবির সাথে ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া মন্দিরের দৃশ্যের তুলনা করে বেশ কিছু অমিল খুঁজে পাই। নীচে সেই তুলনা দেখতে পাওয়া যাবে।
২. গুগল AI দিয়ে তৈরি ভাইরাল ভিডিও: এরপর ভিডিওটি গুগলের AI টুল ব্যবহার করে তৈরি কিনা পরীক্ষা করতে আমরা তাকে গুগলের AI যাচাইকারী টুল সিন্থআইডিতে পরীক্ষা করি। ওই পরীক্ষার ফলাফলে ভিডিওতে গুগল AI-এর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।






