দিল্লির হোটেলে দেখা গেছে শেখ হাসিনাকে দাবিতে ছড়াল ২০১৯ সালের ভিডিও
বুম দেখে, ২০১৯ সালের এই ভিডিওতে হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দিল্লিতে ইন্ডিয়ান ইকোনোমিক সামিটে যোগ দিতে দেখা যায়।

প্রচ্ছদটি এআই দিয়ে তৈরি
দিল্লির (Delhi) এক হোটেলে সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) প্রকাশ্যে দেখা গেছে দাবি করে এক ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
বুম দেখে, ভিডিওটি সাম্প্রতিক নয়। ২০১৯ সালের ওই ভিডিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে হাসিনাকে সেসময় নয়াদিল্লিতে ইন্ডিয়ান ইকোনোমিক সামিটে অংশগ্রহণ করতে দেখা যায়।
সাম্প্রতিক এক কথোপকথনে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, ২০২৪ সালে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আসার বিষয়টি ভারতের কাছে অপ্রত্যাশিত ছিল। তিনি বলেন, হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই ভারতে এসেছিলেন। ত্রিবেদী আরও স্পষ্ট করে জানান, হাসিনার এই সফরের ব্যবস্থা ভারতীয় সামরিক বাহিনী করেনি। অতীতেও শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে ভারতে দেখা গেছে দাবিতে ভাইরাল বিভ্রান্তিকর ছবি ও ভিডিওর তথ্য যাচাই করেছে বুম।
ভাইরাল দাবি
ভিডিওটি পোস্ট করে ফেসবুকে ক্যাপশন হিসাবে লেখা হয়, "দিল্লিতে আন্তর্জাতিক একটি কনফারেন্সে অংশ নিতে হোটেল লবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা..।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
কী পেলাম আমরা অনুসন্ধানে: ভিডিওটি ২০১৯ সালে হাসিনার ভারত সফরের
১. ভিডিওটি হাসিনার ইন্ডিয়ান ইকোনোমিক সামিটে অংশগ্রহণের: আমরা ভিডিওটির কিছু ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে এই একই দৃশ্য বাংলাদেশি সংবাদমাধ্যম সময় টিভির প্রকাশিত ২০১৯ সালের এক ভিডিও প্রতিবেদনে খুঁজে পাই। ২০১৯ সালের ৩ অক্টোবর প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ প্রধানমন্ত্রী হিসেবে সেসময় হাসিনার ইন্ডিয়া ইকোনোমিক সামিটে অংশগ্রহণ করার সময় ভিডিওটি রেকর্ড করা হয়।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোও সেসময় বাংলাদেশ প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে বিবৃতি প্রকাশ করে। হাসিনার দিল্লিতে ইন্ডিয়ান ইকোনোমিক সামিটে অংশগ্রহণের দৃশ্য নিচে দেখতে পাওয়া যাবে।






