মুখ ফস্কে নেতাজির উক্তি বিবেকানন্দের, যোগীর ভিডিও ‘ভুয়ো’ বলে অস্বীকার বিজেপির
বুম দেখে, যোগী আদিত্যনাথ নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্বাধীনতা আন্দোলনের পরিচিত স্লোগান প্রথমে স্বামী বিবেকানন্দের নামে এবং পরে সেটি নেতাজির বলে উল্লেখ করেন।

সম্প্রতি ভারতীয় জনতা পার্টির (BJP) জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি সম্পাদিত এক ভিডিও শেয়ার করে দাবি করেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব" স্লোগানটি সঠিকভাবেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) বলে উল্লেখ করেছেন, স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) বলে নয়।
বুম যাচাই করে দেখে, আদিত্যনাথের মূল বক্তৃতাটি ২০ এপ্রিল, ২০২৬ তারিখে পুরুলিয়ার জয়পুরে অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের এক প্রচার সমাবেশে এসে আদিত্যনাথ প্রথমে নেতাজির স্লোগানটি সম্ভবতঃ মুখ ফস্কে স্বামী বিবেকানন্দের বলে উল্লেখ করেন, এবং পরে তা সঠিক করে নেতাজির বলেই জানান।
ইতিহাস নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এমন 'ভুল' ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। বিজেপির তুলোধোনা করে তৃণমূল কংগ্রেস তাকে "বাংলার ইতিহাসের প্রতি অবজ্ঞা" বলে উল্লেখ করে। বাংলায় এসে আদিত্যনাথের এহেন মন্তব্যকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং সাগরিকা ঘোষ "লজ্জাজনক" উল্লেখ করে তাকে "তথ্য সঠিকভাবে জানার" তির্যক মন্তব্য করেন সমাজমাধ্যমে।
ভাইরাল দাবি
তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের পোস্টের প্রত্যুত্তরে প্রদীপ ভান্ডারি সম্পাদিত ভিডিওটি শেয়ার করে লেখেন, "ভুয়ো খবর! আসল ভিডিও এটা! বাংলা এসব দেখেছে! বাংলা এই অহংকার; তোষণ; আইন-শৃঙ্খলার অভাব; ও 'তোলামূল' এর খারাপ শাসনকে পরাজিত করবে। বাংলার মানুষ তৃণমূলের কাছ থেকে বাঙালি আত্মমর্যাদা পুনরুদ্ধার করবে।" (অনুবাদিত)
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে ও আর্কাইভের জন্য এখানে ।
আমরা কি খুঁজে পেয়েছি: মুখ ফস্কে যোগী আদিত্যনাথের করা মন্তব্য
১. আদিত্যনাথের মুখ ফস্কে বেরিয়ে আসা মন্তব্য ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে: আমরা প্রথমে দাবিটি যাচাই করতে ২০ এপ্রিল, ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গের জয়পুরে আদিত্যনাথের নির্বাচনী প্রচারের সরাসরি সম্প্রচারের ভিডিওটি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পরীক্ষা করে সেখানে তার এমন কোনও মন্তব্য খুঁজে পাইনি। তবে, আমরা যখন তার অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, যেমন ফেসবুক, এক্স পরীক্ষা করি, তখন আমরা মূল বক্তৃতাটি খুঁজে পাই যেখানে তার মুখ ফস্কে করা মন্তব্য শুনতে পাওয়া যায়।
সরাসরি সম্প্রচারের আসল ভাষণে যোগী আদিত্যনাথকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্লোগানটি ৫ মিনিটের কাছাকছি অংশে স্বামী বিবেকানন্দের নামে উল্লেখ করতে শোনা যায়। ভিডিওটির ডাউনলোড করা সংস্করণ দেখতে ক্লিক করুন এখানে।
২. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসল ভাষণ: আমরা আদিত্যনাথের বক্তৃতা শুনে নিশ্চিত হই তিনি ভুলটি করেছেন। হিন্দিতে রাখা তার বক্তৃতার অনুবাদ হয়, "বোন ও ভাইয়েরা, যখন আমরা বাংলার কথা বলি, মনে করুন বাংলার এই ভূমিই আমাদের স্বামী বিবেকানন্দকে দিয়েছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব'... বোন ও ভাইয়েরা... নেতাজির এই স্লোগান ভারতের স্বাধীনতার জন্য মন্ত্র হয়ে উঠেছিল। স্বামী বিবেকানন্দ এই ধারারই দান।"
এই বক্তৃতা শুনলে স্পষ্ট হয়, আদিত্যনাথ প্রথমে নেতাজির বিখ্যাত স্লোগানটি স্বামী বিবেকানন্দের নামে উল্লেখ করলেও পরে সেটি সঠিকভাবে বসুর নামে উল্লেখ করেছিলেন।






