এবিপি আনন্দের (ABP Ananda) সমীক্ষায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার ১৪৮ ছাপিয়ে ২১০ থেকে ২৪৫ আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) -এই দাবিতে সম্প্রতি এক গ্রাফিক ভাইরাল হয় সমাজমাধ্যমে।
বুম দেখে, গ্রাফিকটি ভুয়ো। এবিপি আনন্দের পক্ষ থেকেও আনুষ্ঠানিক বিবৃতিতে জানান হয় এমন কোনও সমীক্ষার ফলাফল প্রকাশ করেনি তাদের সংস্থা।
রাজনীতির মহারথীদের দীর্ঘ প্রচারপর্বের পর ২৩ এপ্রিল শুরু হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট। নির্ধারিত সূচি অনুযায়ী রাজধানী কলকাতা-সহ অন্যান্য জেলায় দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হবে ২৯ এপ্রিল। টানা তিনবার ক্ষমতায় থাকার পর তৃণমূল ফের ক্ষমতায় ফিরছে, না বাংলায় হচ্ছে পালাবদল, তা জানা যাবে ৪ মে।
ভাইরাল দাবি
ভাইরাল ওই গ্রাফিকে এবিপি আনন্দের নাম-লোগো এবং ম্যাটরিজের ওপিনিয়ন পোলের উল্লেখ করে বলা হয়, এবারের নির্বাচনে তৃণমূল পেতে চলেছে ২১০ থেকে ২৪৫ আসন এবং ৪৫-৭৭ আসনে জয়ী হতে পারে বিজেপি।
গ্রাফিকটি পোস্ট করে ফেসবুকে ক্যাপশন হিসাবে লেখা হয়, "ভোটের আগে দেশের সবথেকে বড় সমীক্ষা সংস্থার সমীক্ষা। যতই করো হামলা আবার জিতবে বাংলা।।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
কী পেলাম আমরা অনুসন্ধানে: এবিপি আনন্দের নাম করে ছড়ান গ্রাফিক ভুয়ো
১. এমন কোনও সমীক্ষার ফলাফল প্রকাশ করেনি এবিপি আনন্দ: আমরা প্রথমে সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে এবিপি আনন্দ এমন কোনও সমীক্ষা বা গ্রাফিক প্রকাশ করেছে কিনা তা খোঁজার চেষ্টা করি। তবে আমরা এবিপি আনন্দের তরফে প্রকাশিত এমন কোনও গ্রাফিকের অস্তিত্ব খুঁজে পাইনি।
তবে আমরা দেখতে পাই, পশ্চিমবঙ্গ নির্বাচন সংক্রান্ত ম্যাটরিজের সমীক্ষার দুটি প্রতিবেদন প্রকাশ করে এবিপি আনন্দ। গত ১৬ মার্চ ও ৭ এপ্রিল প্রকাশিত ওই সমীক্ষার সম্ভাব্য ফলাফলের টেমপ্লেটগুলির সাথে ভাইরাল গ্রাফিকের মিল পাওয়া গেলেও সমীক্ষাতে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য জয়ের আসন-সংখ্যার মিল পাওয়া যায়নি।
৭ এপ্রিল প্রকাশিত ম্যাটরিজের ওপিনিয়ন পোলের ফলাফলে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য ১৪০ -১৬০ আসন ও বিজেপি ১৩০-১৫০ আসনে জয়লাভ করতে পারে বলে উল্লেখ করা হয়।
২. এবিপি আনন্দের স্পষ্টীকরণ: ভুয়ো এই গ্রাফিকের সতর্কীকরণে ২২ এপ্রিল এক বিবৃতি প্রকাশ করে এবিপি আনন্দ। তারা লেখে, "এবিপি আনন্দের নামে একটি ভুয়ো ছবি পোস্ট করা হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রামে। সেখানে মূল সমীক্ষায় যে তথ্য দেওয়া হয়েছে তার সঙ্গে ভুয়ো ছবির তথ্য ও সংখ্যায় গরমিল রয়েছে। এই তথ্যের সঙ্গে এবিপি আনন্দে প্রকাশিত খবরের কোনও মিল নেই।"
এছাড়াও ওই বিবৃতিতে বলা হয়, "ভুয়ো পোস্টে এবিপি আনন্দের গ্রাফিক্স লেয়ার ব্যবহার করা হয়েছে। সেখানে বেশ কিছু তফাৎ লক্ষ্য করা যাচ্ছে। ভাইরাল গ্রাফিক্সে ব্যবহৃত লেখা, এবং এবিপি আনন্দের মূল খবরে ব্যবহৃত লেখার তফাৎ আছে। বিকৃত ভাইরাল ছবিটি বানাতে এবিপি আনন্দের খবরের লেয়ারের হুবহু লেয়ার ব্যবহার করা হয়েছে। যদিও ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে অন্য ছবি থেকে নিয়ে তা ব্যবহৃত হয়েছে।"






