সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) সেদেশের নির্বাচন শেষের পর চুপচাপ বিমানে দেশ ছেড়েছেন দাবি করে এক গ্রাফিক ভাইরাল হয় সমাজমাধ্যমে।
বুম যাচাই করে দেখে, ভাইরাল ছবিতে ২০২৪ সালের অগস্ট মাসে বাংলাদেশে আসার জন্য অধ্যাপক ইউনূসের বিমান সফরের দৃশ্য দেখতে পাওয়া যায়।
বিমানের মধ্যে থাকা ইউনূসের ছবি পোস্ট করে ইংরেজিতে দাবি করা হয়, "বুধবার ভোর ৩টা ২৫ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর ৬৩৯-এ নীরবে দেশ ছেড়েছেন ইউনূস বলে জানা গেছে। তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন, যার ফলে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, তার সঙ্গে কি সেই “লাভের অর্থ”ও চলে গেছে।"
সদ্য-সমাপ্ত বাংলাদেশ নির্বাচনের ফল ঘোষণার পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। নির্বাচনের ফলাফল ঘোষণার পর রহমানকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অন্যদিকে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেন ইউনূস।
ভাইরাল দাবি
ছবিটি পোস্ট করে একজন এক্স ব্যবহারকারী লেখেন, "যা যায়, তা একদিন ফিরে আসে। মুহাম্মদ ইউনূস বুধবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে বাংলাদেশ ছেড়েছেন। ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে একাধিক আইনি মামলা ছিল, যার মধ্যে শ্রম আইন ও দুর্নীতিসংক্রান্ত অভিযোগও রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ না হওয়ায়, তিনি নীরবে বাংলাদেশ ত্যাগ করেছেন। ভারতে বসে হাসছেন শেখ হাসিনা...."
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম: ইউনূসের বিমানে চড়ার দৃশ্যটি পুরনো
১. ছবিতে ২০২৪ সালের দৃশ্য: বুম প্রথমে ছবিটির উৎস জানতে তাকে রিভার্স সার্চ করে ২০২৪ সালের নভেম্বর মাসে করা এক ফেসবুক পোস্টে ছবিটিকে খুঁজে পায়। এছাড়াও রিভার্স ইমেজ সার্চের ফলাফলে ১০ অগস্ট ২০২৪ তারিখে প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যেখানে অধ্যাপক ইউনূসের বিমানে চড়ার অনুরূপ এক ছবি প্রকাশিত হয়েছিল।
ছবিটি তোলার কৃত্তিত্ব সেখানে আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপিকে দিয়ে উল্লেখ করা হয়, বিমানের দৃশ্যটি সেবছরের ৮ অগস্ট বাংলাদেশে ইউনূসের অবতরণের পর তোলা হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে শেখ হাসিনা-সরকারের পতনের পর দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশে আসেন ইউনূস। সম্পর্কিত কীওয়ার্ড অনুসন্ধান করে সেসময় অধ্যাপক ইউনূসের বিমানে চড়ার দৃশ্যের দীর্ঘতর সংস্করণটি গেটি ইমেজেসের ওয়েবসাইটেও খুঁজে পাওয়া যায়।
২. ইউনূসের বর্তমান অবস্থান: বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সরকারপ্রধানের দায়িত্ব হস্তান্তর করার চার দিন পর ২২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে ইউনূস সেন্টারের কাজে ফেরেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এবিষয়ে প্রকাশিত প্রথম আলোর প্রতিবেদনে জানান হয়, প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠেছিলেন অধ্যাপক ইউনূস। বর্তমানে সেখানেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধান উপদেষ্টা।
ইউনূস সেন্টারের কাজে ফেরার বিষয়ে খবর ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজেও ২২ ফেব্রুয়ারি পোস্ট করা হয়। ওই পোস্টে বলা হয়, যমুনা ছেড়ে চলতি মাসের শেষ দিকে ঢাকার গুলশানে নিজের বাসভবনে ফিরবেন ইউনূস।






